গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বা শাসন ও উন্নয়ন অধ্যয়ন বর্তমান সময়ে সামাজিক বিজ্ঞানে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আমাদের দেশে কয়েক বছর আগে চালু হয়েছে।
যারা পড়তে পারবেন
বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক তিনটি বিভাগের শিক্ষার্থীরাই এ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়তে পারবেন।
যা পড়ানো হয়
এ বিভাগের একজন শিক্ষার্থীকে অর্থনীতি, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি ম্যানেজমেন্ট, কম্পিউটার স্কিলস ডেভেলপমেন্ট, প্রেজেন্টেশন স্কিলস, প্ল্যানিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এনজিও অ্যান্ড পভার্টি এলিভিয়েশন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট, বেসিক স্ট্যাটিস্টিকস, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, পাবলিক পলিসি, ম্যানেজারিয়েলিজম অ্যান্ড পাবলিক সেক্টর গভর্ন্যান্স, এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, মাইগ্রেশন ডায়াসপোরা অ্যান্ড রিফিউজি স্টাডিজ, ই-গভর্ন্যান্স, এরিয়া স্টাডিজ, এনথ্রোপলজি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ট্রেড অ্যান্ড পলিটিক্যাল ইকোনমি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বাংলাদেশের প্রশাসন, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, সামাজিক গবেষণা পদ্ধতিসহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। যার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শাসন ও উন্নয়ন বিষয়ে শিখতে হয়। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।
উচ্চশিক্ষা ও গবেষণা
শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও সংস্থার সঙ্গে সহযোগিতামূলক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারেন। ইউরোপ-আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। উপরন্তু এনজিওকর্মী, উন্নয়নকর্মী কিংবা উন্নয়ন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইলে এ বিষয়ে পড়াশোনার বিকল্প নেই। শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই কাজ করতে পারেন।
এ বিষয়ের স্নাতকরা পরে অর্থনীতি, রাজনীতি, সামাজিক উন্নয়ন, মানব উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, নিরাপত্তা, জেন্ডার, প্রজেক্ট ব্যবস্থাপনা, দারিদ্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশে-বিদেশে উচ্চশিক্ষা নিতে পারেন খুব সহজেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি নানান বৃত্তি নিয়ে বিদেশে পড়ার সুযোগ অনেক বেশি।
কাজের সুযোগ
বাংলাদেশের সরকারি-বেসরকারি সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানি, মানবাধিকার সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, ব্যাংক, বীমাসহ বিভিন্ন ক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের কাজ করার সুযোগ রয়েছে। দেশি-বিদেশি এনজিওতে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য উন্নয়নমুখী প্রতিষ্ঠানে এ বিভাগের স্নাতকদের চাহিদা অনেক।