‘সাদা বলের এই যুগে পাকিস্তান খেলছে সেকেলে ক্রিকেট’

নিজেদের আয়োজিত টুর্নামেন্ট, অথচ দুই ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। রিজওয়ানরা টানা দুই ম্যাচে হেরেছে। দুই ম্যাচেই হেরেছে বাজেভাবে। বিশেষ করে ভারতের বিপক্ষে হারে বেশি ক্ষত হয়েছে পাকিস্তানিদের মনে। দেশটির কিংবদন্তি ওয়াসিম আকরাম বর্তমান দলটিতে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন না। এক টিভি অনুষ্ঠানে রিজওয়ানদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘অনেক হয়েছে। এখন কঠোর পদক্ষেপ নিতেই হবে। আমরা সাদা বলের এই যুগে খেলছি সেকেলে ক্রিকেট।’

পাকিস্তান দলে বড় পরিবর্তন চাইছেন ওয়াসিম। তরুণ ও ভয়ডরহীন খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর পক্ষে তিনি। সেজন্য যদি কিছু সময়ের জন্য পাকিস্তান হারের বৃত্তে আটকে যায়, তাতেও আপত্তি নেই কিংবদন্তি পেসারের, ‘আপনার যদি পাঁচ-ছয়টি জায়গায় পরিবর্তন করতে হয়, করুন। আপনি হয়তো ছয় মাস হারবেন, তাতে সমস্যা নেই। কিন্তু এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করতে হবে।’

চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে ভীষণ ক্ষীপ্ত ওয়াসিম, ‘চেয়ারম্যান স্যার, অধিনায়ক, নির্বাচক ও কোচকে ডাকুন। তাদের জিজ্ঞেস করুন কী ধরনের দল তারা নির্বাচন করেছেন। এখানে অধিনায়ককেও দোষ দিতে হবে। সে দলের নেতা। কী ধরনের ম্যাচ উইনার খেলোয়াড় প্রয়োজন, যদি সে না জানে, সেটা তো লজ্জাজনক ব্যাপার।’