অনিয়মিতদের বৈধতা দিতে 'নতুন পেশা' যুক্ত করছে ফ্রান্স

ফ্রান্সে শ্রমিক সংকট মোকাবিলায় অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের জন্য বেশ কিছু নতুন পেশা তালিকায় যুক্ত করতে যাচ্ছে ফরাসি সরকার। ফ্রান্সের শ্রম, স্বাস্থ্য, সংহতি ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন ও সামাজিক অংশীদারদের কাছে এই হালনাগাদ তালিকা পাঠিয়েছে, যা শিগগিরই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

২০২৪ সালে পাস হওয়া নতুন অভিবাসন আইনে প্রথমবারের মতো ‘মেতিয়ের অঁ তনসিওঁ গুরুতর শ্রমিক সংকটে থাকা খাত গুলো অন্তর্ভুক্ত করা হয়, যাতে অভিবাসীরা নির্দিষ্ট সেক্টরে কাজ করে বৈধতা পাওয়ার সুযোগ পান। তবে পুরনো তালিকা যুগোপযোগী না হওয়ায় সংশোধিত তালিকা তৈরি করা হয়েছে। নতুন তালিকায় যেসব পেশা যুক্ত হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির সূত্রে জানা গেছে, হোটেল-রেস্তোরাঁ, কৃষি, গৃহকর্ম, ক্যাটারিংসহ বিভিন্ন নতুন পেশা যুক্ত করা হয়েছে। ফ্রান্সের ১৩টি রিজিওনের জন্য অঞ্চলভিত্তিক চাহিদার ভিত্তিতে পেশা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ খাতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অভিবাসীরা উপকৃত হতে পারেন। কারণ এই খাতে উল্লেখযোগ্যসংখ্যক অভিবাসী কাজ করছেন।

ফরাসি শ্রমমন্ত্রী আস্ত্রিদ পানোসিঅঁ-বুভে জানিয়েছেন, বিভিন্ন অঞ্চল ও পেশাদার ফেডারেশনের পরামর্শ নিয়ে তালিকা চূড়ান্ত করা হয়েছে। অঞ্চলভেদে চাহিদা ভিন্ন হওয়ায় নির্দিষ্ট কিছু পেশা আলাদা করে সংযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের অভিবাসন আইন অনুযায়ী, ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাস ও গত দুই বছরে অন্তত ১২ মাস তালিকাভুক্ত পেশায় কাজ করা অভিবাসীরা এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের অপরাধমুক্ত থাকার শর্ত মানতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট জমা দিতে হবে। এ ছাড়া ফরাসি মূল্যবোধের প্রতি একাত্মতা ও সামাজিক সংহতির বিষয়টিও গুরুত্ব পাবে।

ফ্রান্সের নতুন অভিবাসন নীতিতে অনিয়মিত অভিবাসীদের সরাসরি বৈধতা দেওয়ার পরিবর্তে ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৬ সাল পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। অভিবাসন সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সংগঠন নতুন তালিকা প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তবে এই নিয়ম বাস্তবায়নে কতটুকু সুবিধা পাওয়া যাবে, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।