ছিনতাইকারী সন্দেহ

উত্তরায় দুজনকে ঝুলিয়ে রাখা হলো ফুটওভার ব্রিজে

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার দুজন হলেন মো. নাজিম (৪০) ও মো. বকুল (৩০)।

এ ব্যাপারে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।’ এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছেন। তার পায়ে দড়ি বাঁধা রয়েছে। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিলেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যবুক। আরও কয়েকজন ওই ব্যক্তিকে ওপরে তুলছিলেন।

যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা : রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় পূর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ১১টার দিকে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার বলেন, তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন।