জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন এই ছাত্রসংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। এ সময় সেখানে পদবঞ্চিতদের বাধা দিতে ও বিক্ষোভ করতে দেখা যায়।
নতুন সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান ও তাহমীদ আল মুদাসসির। সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।
জানা গেছে, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।
এদিকে নতুন এই সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাধা দেয় পদবঞ্চিতরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হট্টগোল দেখা যায়। ফলে অনুষ্ঠান শুরু হতে দেরি হয়।
জানা গেছে, বিকেলে মধুর ক্যান্টিনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্যবিরোধীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সংগঠনের কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। কমিটির গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদকে। এ ছাড়া উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটিও দেয়া হয়নি বলে অভিযোগ।