এবার বাসযাত্রী সেজে নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই

চট্টগ্রাম নগরে এবার চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্টেশন রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হন শেফায়েতুন নেছা সোমা নামে ওই নারী আইনজীবী। এ ঘটনায় বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার আড়াইঘণ্টা আগে নগরের বহদ্দারহাট এলাকায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা সাংবাদিকদের সোমা বলেন, ‘আমার বাড়ি কাটগড়। সেখান থেকে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো প্রভাতি বাসে করে আমি টাইগারপাস নামি। আমি বসা ছিলাম চালকের ঠিক পেছনের সিটে। স্টেশন রোড ফলমন্ডি এলাকা থেকে ৬-৭ জন লোক বাসে উঠে। তারা সামনেই দাঁড়িয়ে ছিল ভিড় করে। তারা আমাকে সরে বসতে বলে। এর মধ্যে একজন পেছন থেকে আমার গলায় থাকা স্বর্ণের চেইন আচমকা টান মেরে বাস থেকে নেমে দৌঁড় দেয়।’ 

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘বাসের মধ্য থেকে একজন নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা বাসটি জব্দ করার পাশাপাশি চালক এবং হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ভুক্তভোগী আইনজীবী মামলা করলে আমরা ব্যবস্থা নেব। আর জড়িত বাকিদের শনাক্তে আমরা কাজ করছি।