চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে গিয়ে সবার আগেই বাদ পড়েছে বাংলাদেশ। বাদ পড়ার পরও বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে কোটি টাকা আয় করছে। অংশগ্রহণ ফি পাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি থেকে। এ ছাড়া ৮ দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টমও হয়, তাহলেও পাবে আর্থিক পুরস্কার।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার অঙ্কে প্রায় ১ কোটি ৭০ লাখ। আর অংশগ্রহণ ফি হিসেবে বাংলাদেশ পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, যা প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ বাংলাদেশ দলের কোষাগারে ৩ কোটি ২০ লাখ টাকা ইতিমধ্যে চলে এসেছে।