সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল ফিনল্যান্ড প্রবাসীসহ ২ জনের

সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে টুটুল ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে ফিনল্যান্ড প্রবাসী হাবিব।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, বুধবার দুই বন্ধু মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে আসে। পরে তারা  সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাতে বাড়ি ফেরার পথে  ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বাসের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা হাবিব ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় টুটুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান,  এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে এখনো আটক করা যায়নি।