জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নবগঠিত ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন করবে তারা। দুপুরে ছাত্রসংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ ও উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
এদিকে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা যোগ দেবেন।
এর আগে গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হয় নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, ধস্তাধস্তি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটে।