সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল সাতক্ষীরার একটি বিচারিক আদালত রায়ে হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়। ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তখনকার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে এ মামলা হয়।
অধস্তন আদালতের সাজার বিরুদ্ধে হাবিবের করা রিভিশন আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
হাবিবের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, তার (শেখ হাসিনা) গাড়িবহরে হামলা হয়েছে উল্লেখ করে ঘটনার পর তিনি একটি প্রেস ব্রিফিং করেন। এরপর ২০০৯ সালে ক্ষমতায় আসলেও তিনি কোনো অভিযোগ বা মামলা করেননি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পরে এক আওয়ামী লীগ নেতা আদালতে মামলার আবেদন করেন। একটি মিথ্যা চার্জশিটে হাবিবুল ইসলাম হাবিব ও অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ভিত্তিহীন অভিযোগে একটি আজ্ঞাবহ আদালত বিভিন্ন ধারায় তাকে ১০ বছর সাজা দেয়। এ আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করলেও সাজা বহাল রাখা হয়। এরপর হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়। হাইকোর্ট তাকে অব্যাহতি দিয়ে নিম্ন আদালতের রায় বাতিল করেছেন।