সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক

বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ফেব্রুয়ারি কমিশন থেকে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়।

এজন্য ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়। গত ২৩ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে মোংলা ও রামপাল উপজলোয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরতদের কাছে তার নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ বিতরণের তালিকা চাওয়া হয়েছে।

দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আবদুল ওয়াদুদ বলেন, বাগেরহাট-৩ আসনে সংসদ সদস্য হিসেবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বরাদ্দ হওয়া টিআর ও কাবিখা প্রকল্পের বছরভিত্তিক বরাদ্দপত্র এবং অনুমোদিত প্রকল্পের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই সময় মোংলা ও রামপাল উপজলোয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরতদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, হাবিবুন নাহারের স্বামী তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি বাগেরহাট-৩ আসনে একাধিকবার সংসদ সদস্যও ছিলেন। গত ২১ জানুয়ারি তালুকদার খালেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করে দুদক। ওই সময় দুদক সাবেক মেয়রের সঙ্গে তার স্ত্রী হাবিবুন নাহারের আয়কর বিবরণীসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে।