নোয়াখালীর সেনবাগ উপজেলায় বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আমিন উল্লাহ (৬০) পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ঘটনার পরপরই অভিযুক্ত আবদুল মোতালেব পলাতক রয়েছেন।
জানা গেছে, বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাগ্-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্লাহকে বুকে আঘাত করে। পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় আমিন উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’