জনস্বার্থকে উপেক্ষা করে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বগুড়ার শেরপুর উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন হলে সাধারণ জনগণ বাড়তি খরচের চাপ ও নানা জটিলতার সম্মুখীন হবেন। তারা অবিলম্বে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানান। জনস্বার্থ উপেক্ষা করে নেসকো নিম্নমানের প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতি মাসে অবৈধভাবে ভাড়া আদায়ের চেষ্টা করছে।
প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে উল্লেখ করে ফাহমিদুন নবী পাভেল বলেন, ‘বিতর্কিত এই প্রি-পেইড মিটার সংযোগের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও সারচার্জ বাবদ ৩০ শতাংশ আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবেন। প্রি-পেইড মিটারে প্রতিবার এক হাজার টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিমাসে গ্রাহকদের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। প্রি-পেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে ২০০ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে। প্রি-পেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬০০ টাকা জমা দিতে হবে। বিদ্যুতের ওভার লোডের কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনাআপনি বন্ধ হয়ে যায়। বিতর্কিত প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম কোনো ভাবেই মেনে নেয়া হবে না। কারণ, প্রি-পেইড মিটার চালু হলে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে না, বরং গ্রাহকরা আরও বেশি ভোগান্তির শিকার হবেন।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন ও নাঈমুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধন শেষে একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে ইউএনও আশিক খান জানান, ‘স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’