মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভয় পেয়ে তার স্ত্রী আকলিমা বেগম (৬৬) স্ট্রোক করে মারা গেছেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া বলেন, ‘আমার ভাই বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত ৫ আগস্টের পরও তার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লুটপাট চালানো হয়। ভাইয়ের নামে কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে তিনি পলাতক। বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল লোক আবারও তার বাড়িতে আগুন দেয়। তবে কাউকে চিনতে পারিনি। এতে ভয় পেয়ে আমার ভাবি আকলিমা বেগম স্ট্রোক করেন। রাত ১১টার দিকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘আগুন ও মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কিভাবে আগুন লেগেছে, কারা লাগিয়েছেএটা নিশ্চিত করে জানা যায়নি।’