নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে নাটোরের সিংড়ায়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মো. সজিবকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গণধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে একটি ভাঙারি গুদামে অস্ত্রের মুখে জিম্মি করে তিন জন মিলে এক নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ধর্ষণের ঘটনায় গতকাল ভোরে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আব্দুস সেলিম জানান, ওই ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের হলে গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।
সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার বিজয়নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম : ফুলবাড়ীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল ভোর রাতে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামে এ ঘটনা ঘটে।