ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে আহত ১ হাজার ৪০১ জনকে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে।
জুলাই অভ্যুত্থানে আহতদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। যেখানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন ও ‘বি’ ক্যাটাগরির (গুরুতর আহত) ৯০৮ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। তবে ‘সি’ ক্যাটাগরিতে (সামান্য আহত) থাকা ১০ হাজার ৬৪৮ জনের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবন যাপনে অক্ষম, সেরকম ৪৯৩ জনকে ‘অতি গুরুতর’ বিবেচনায় ‘ক’ শ্রেণিতে রাখা হয়েছে।আর পর্যাপ্ত চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম ৯০৮ জনকে ‘গুরুতর আহত’ বিবেচনায় ‘খ’ শ্রেণিতে রেখে তালিকা প্রকাশ করা হয়।