১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

মিথ্যা তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। আজ বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তাদের গেজেট বাতিলের তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাইযোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে।

যেসব ব্যক্তি প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত