পিসিবির জন্য ‘বিদেশি চেয়ারম্যান’ চান হাফিজ

প্রায় তিন দশক পর দেশের মাটিতে আইসিসির ইভেন্ট আয়োজন করেও কপাল পুড়েছে পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফি থেকে তারা ছিটকে গেছে। এর আগে ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপেও তাদের ভরাডুবি হয়েছিল। সংকট থেকে উত্তরণে দেশটির সাবেক ক্রিকেটাররা সমালোচনার পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছেন। তবে সবচেয়ে মজার সমাধান দিয়েছেন মোহাম্মদ হাফিজ।

কোনো টুর্নামেন্টে ভরাডুবর পর পাকিস্তানের ক্রিকেটে শুরু হয় পরিবর্তনের পালা। কোচ থেকে শুরু করে অধিনায়ক, নির্বাচক- সব বদলে ফেলা হয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের কোচের পদ থেকে বিদায় নিয়েছেন মিকি আর্থার, গ্রান্ট ব্রাডবার্ন, গ্যারি কারস্টেন। এছাড়া অন্তর্বর্তী কোচেরা তো আছেনই। পিসিবি সবসময় বিদেশি কোচ আনার ব্যাপারেই আগ্রহ দেখায়, যা পছন্দ নয় দেশটির সাবেক অধিনায়ক হাফিজের। তাই তিনি মজা করে পিসিবির জন্য বিদেশি চেয়ারম্যান আনার কথা বলেছেন।

গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আয়োজিত ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের সাবেক টিম ডিরেক্টর হাফিজ। কথাপ্রসঙ্গে তিনি বলেন, ‘সমাধান হিসেবে আমরা টিম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, খেলোয়াড়দের নিয়ে কথা বলি। অনেক সময় বলি বিদেশি কোচ আনা দরকার। মনে হয় যে তাহলে আমরা সেরা ক্রিকেট খেলতে পারব। তাহলে আমরা একজন বিদেশি চেয়ারম্যান আনছি না কেন?’

হাফিজের এই কথায় হেসে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সাবেক দুই ক্রিকেটার শোয়েব আখতার ও শোয়েব মালিক। পরবর্তীতে নিজের বক্তব্যের ওই ভিডিও ক্লিপটি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্টও করেছেন হাফিজ। ক্যাপশনে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সমাধান।’ উল্লেখ্য, বর্তমানে পিসিবির চেয়ারম্যান পদে আছেন মহসিন নাকভি।