লালমনিরহাটের আদিতমারীতে নাবিলা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চাচা-ভাতিজি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেরুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণামতি ব্রিজ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা গ্রামের রমজান আলী (৪৫) এবং তার ভাতিজি খাদিজাতুল কোবরা (২৬)। খাদিজা লালমনিরহাট জেলা জজ আদালতের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে চড়ে চাচা-ভাতিজি কালীগঞ্জ থেকে লালমনিরহাট যাচ্ছিলেন। আদিতমারী উপজেলা সদরের অদুরেই স্বর্ণামতি ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির নাবিলা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা রমজান আলী মারা যান। গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে আদিতমারী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
দুর্ঘটনার পরই ক্ষুব্ধ মানুষ নিরাপদ সড়কের দাবিতে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কটির দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ এই মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুর্ঘটনা রোধে এই সড়কে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।