বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।
একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। মাত্র সাড়ে পাঁচ মাসের ব্যবধানে পদ ছাড়ার কথা জানালেন এ নাট্যব্যক্তিত্ব।
তবে এ বিষয়ে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের উদ্দেশে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এ পদত্যাগপত্র গ্রহণ করেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনি এখনো চিঠি (জামিল আহমেদের পদত্যাগপত্র) পাননি, তবে বিষয়টি শুনেছেন। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন।
জানা গেছে, অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা অভিযোগের কথা জানান সৈয়দ জামিল আহমেদ।