গোপালগঞ্জের কাশিয়ানীতে ৯ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বুলবুল মোল্যা (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বুলবুল মোল্যা একই ইউনিয়নের মাঝিগাতি গ্রামের মৃত মতলেব মোল্যার ছেলে। তিনি জয়নগর বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।
স্থানীয়রা জানান, মাসখানেক আগে ওই শিশুকে প্রতিবেশী বুলবুল মোল্যা জয়নগর বাজারে নিজ বাড়ির ভবনের ছাদে নিয়ে শ্লীলতাহানি করে। ঘটনাটি ওই শিশু পরিবারের লোকজনকে জানালেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যান তারা। গত বৃহস্পতিবার বিকেলে পুনরায় ওই শিশুকে বিড়াল দেখানোর কথা বলে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বুলবুল। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বুলবুল মোল্লা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ঘটনা ঘটিয়েছে।’ কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’