ফুটবল মাঠে দর্শকদের সবচেয়ে বড় হতাশার কারণ কী? নিঃসন্দেহে গোলশূন্য ড্র। ফুটবল মূলত গোলের খেলা, আর তাই গাঁটের পয়সা খরচ করে স্টেডিয়ামে যাওয়া দর্শকরা চান রোমাঞ্চকর মুহূর্ত, গোলের উচ্ছ্বাস। তবে অনেক ম্যাচেই গোলের দেখা মেলে না, আর সেই হতাশা দূর করতে ফুটবলের নিয়মে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার জেরার্ড পিকে।
পিকে চান, গোলশূন্য ড্র হলে কোনো দলই পয়েন্ট না পাক। বর্তমানে ১-১, ২-২ সমতায় ম্যাচ শেষ হলে দুই দলই ১ পয়েন্ট করে পায়, একইভাবে গোলশূন্য ড্র হলেও সমান পয়েন্ট দেওয়া হয়। কিন্তু পিকে মনে করেন, এই নিয়ম বদলানো দরকার। তার যুক্তি—যদি গোলশূন্য ড্রয়ে কেউ পয়েন্ট না পায়, তাহলে দলগুলো আরও আক্রমণাত্মক খেলবে, গোলের জন্য মরিয়া হবে, আর তাতেই খেলা হবে আরও আকর্ষণীয়।
স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তার সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াসের পডকাস্টে পিকে বলেছেন, ‘আপনি ১০০, ২০০ বা ৩০০ ইউরো খরচ করে স্টেডিয়ামে যাবেন, আর শূন্য-শূন্য ড্র দেখে ফিরবেন—এটা হতে পারে না। কিছু পরিবর্তন প্রয়োজন। ম্যাচ গোলশূন্য ড্র হলে দুই দলই শূন্য পয়েন্ট পাবে—এই নিয়ম চালু করা যেতে পারে।’
খেলোয়াড়ি জীবন শেষে ফুটবলের উন্নয়নে কাজ করছেন পিকে। তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করতে চালু করেছেন কিংস লিগ, যেখানে প্রচলিত নিয়মের বাইরে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করেছেন তিনি। যেমন ১ গোলকে ২ গোল গণ্য করা, সাতজনের বেশি খেলোয়াড় না থাকা, ইচ্ছামতো বদলি নেওয়া কিংবা মুখোশ পরে খেলার সুযোগ রাখা। ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে মূলধারার ফুটবলেও নতুন কিছু নিয়ম আনার পক্ষে তিনি।
ভবিষ্যতে ফুটবলে ড্রয়ের নিয়ম একেবারেই তুলে দেওয়া উচিত বলেও মত পিকের। তিনি বলেন, ‘যদি কোনো ড্র–ই না থাকত! এটা কেন নয়? বেসবল, বাস্কেটবলে তো ড্রয়ের নিয়ম নেই। ড্র ম্যাচ দেখার পর আপনার মনে হবে, তাহলে জিতল কে?’
পিকের এই প্রস্তাব বিতর্কের জন্ম দিলেও ফুটবলে গোলের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা নতুন কিছু নয়। ফিফা নিয়মের পরিবর্তন আনার ক্ষেত্রে বরাবরই রক্ষণশীল হলেও ভবিষ্যতে গোলশূন্য ড্রকে আরও উত্তেজনাপূর্ণ করতে নতুন কোনো নিয়ম চালু হয় কি না, সেটাই দেখার বিষয়।