গোলকিপার সময় নষ্ট করলে প্রতিপক্ষ পাবে কর্নার

ফুটবল মাঠে গোলকিপারই একমাত্র খেলোয়াড়, যিনি বল হাতে নিতে পারেন। অনেক সময় এই সুবিধার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করতে দেখা যায় তাদের। তবে এবার গোলকিপারদের জন্য আসছে নতুন শাস্তি। 

নতুন নিয়ম অনুযায়ী, গোলকিপার যদি বল ধরে রেখে অতিরিক্ত সময় নষ্ট করেন, তাহলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক। শনিবার ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এক সভায় এই নিয়ম অনুমোদিত হয়েছে। আগামী জুনে ফিফা ক্লাব বিশ্বকাপে এটি প্রথমবারের মতো কার্যকর হবে। 

এখন পর্যন্ত সময় নষ্টের শাস্তি হিসেবে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি–কিক দেওয়া হতো। তবে অনেক সময় দেখা যায়, রেফারিরা এ ধরনের শাস্তি দিতে অনাগ্রহী থাকেন, কারণ গোলের সম্ভাবনা সবসময় একই থাকে না। নতুন নিয়মে শাস্তির ধরন বদলে গোলকিপারদের জন্য সময়সীমা ৬ সেকেন্ড থেকে বাড়িয়ে ৮ সেকেন্ড করা হয়েছে। সময়সীমা অতিক্রম করলে রেফারি প্রথমে ৫ সেকেন্ড গণনা করে সতর্ক করবেন। এরপরও সময় নষ্ট হলে প্রতিপক্ষ দল পাবে কর্নার কিক। 

ইংল্যান্ডের লিগ টু, মাল্টা ও ইতালির লিগে পরীক্ষামূলকভাবে এই নিয়ম প্রয়োগ করা হয়। ৪০০টির বেশি ম্যাচ বিশ্লেষণে দেখা গেছে, ইংল্যান্ডে মাত্র তিনবার কর্নার শাস্তি দেওয়া হয়েছে, মাল্টায় হয়নি একবারও। ইতালিতে কর্নারের বদলে থ্রো-ইন শাস্তি ছিল, যা একবার প্রয়োগ করা হয়েছে। 

আইএফএবি ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। নতুন নিয়ম পাস করাতে তিন-চতুর্থাংশ ভোটের প্রয়োজন হয়। ফিফার ৪টি এবং ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ৪টি মিলিয়ে মোট ৮টি ভোটের সর্বসম্মত সিদ্ধান্তে এই নিয়ম চূড়ান্ত হয়েছে। 

নতুন নিয়ম কার্যকর হলে গোলকিপারদের সময় নষ্টের প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে, যা খেলাকে আরও গতিশীল করবে।