‘ভারত ভালো দল হলে পাকিস্তানের বিপক্ষে ১০টি করে ম্যাচ খেলুক’

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:৪৬ পিএম

রাজানৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দর্শকরা ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় লড়াই উপভোগ করতে পারেন না। শুধু আইসিসি আর এসিসির আসরগুলোতেই দুই দলের দেখা হয়। যেমন চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা গেছে। ভারতের কাছে তো বটেই, নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান।

প্রায় তিন দশক পর দেশের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজন করে পাকিস্তানের এই ভরাডুবিতে চলছে সমালোচনা। বাবর আজমদের মুণ্ডুপাত চলছেন। এমন যখন অবস্থা, তখন ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক। তার বক্তব্য হলো, ভারত যদি সত্যিই ভালো দল হয়ে থাকে তাহলে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলুক।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। এরপরও পাকিস্তানের সংবাদমাধ্যম ২৪ নিউজ এইচডি চ্যানেলে সাকলায়েন মুশতাক বলেছেন, ‘তাদের ক্রিকেটাররা ভালো। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু তোমরা যদি এতই ভালো হও, তাহলে পাকিস্তানের সঙ্গে ১০ টেস্ট, ১০ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলে দেখাও। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।’

ভারতের বিপক্ষে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে জিতেছে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ২০১১ সাল থেকে মোট ১৭টি ওয়ানডে ম্যাচে ভারত জিতেছে ১২টি, পাকিস্তান মাত্র ৪টি, একটি পরিত্যক্ত। সর্বশেষ ৫ টি-টোয়েন্টিতেও ভারত জিতেছে ৩ ম্যাচে। সাকলায়েন বলেছেন, ‘আমরা যদি ভালো প্রস্তুতি নিই, সঠিক পথে কাজ করি, তাহলে ভারতকে ও বিশ্বকে মোক্ষম জবাব দিতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত