গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএল খেলবেন লিটন

রাত পোহালেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দেশের ঐতিহ্যবাহী এই ঘরোয়া ক্রিকেট লিগের নতুন আসরের দলবদল সম্পন্ন হয়েছিল কদিন আগেই। তবে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস সেসময় দল পাননি। ফলে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিনে এসে অবশেষে দল পেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে এখনও দল পাননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

তাকে দলে ভিড়িয়েছে ডিপিএলের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি  নিশ্চিত করেছে ক্লাবটি। এছাড়া দলটির মালিক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘লিটন দাস দল পেয়েছে, গুলশানে খেলবে। তবে মোস্তাফিজের ব্যাপারে আমি কিছু জানি না। এটি খুবই দুর্ভাগ্যজনক যদি সে দল না পায়। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অবশ্যই এই টুর্নামেন্টে খেলা উচিত।’

ডিপিএলকে দেশের ক্রিকেটের অন্যতম ভিত্তি উল্লেখ করে তামিম আরও বলেন, ‘প্রিমিয়ার লিগ বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড। এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ করা উচিত। এত বড় বড় ক্লাব আছে, আশা করি কেউ না কেউ তাঁদের দলে টানবে। তারা পারফর্মার, যেখানেই খেলুক না কেন, পারফর্ম করে। তারা সেরা দলে খেলার যোগ্য।’

চলতি আসরে ১২টি দল অংশ নিচ্ছে। দলবদলের সময় অনেক ক্রিকেটার নতুন দলে যোগ দিলেও আগেরবারের তুলনায় এবার পারিশ্রমিক কিছুটা কম। তবে ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ ও পেশাগত ভবিষ্যৎ বিবেচনায় কম পারিশ্রমিকেই খেলতে রাজি হয়েছেন। 

শুরুতে পারিশ্রমিক নিয়ে মতের অমিল থাকায় কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি লিটন। তবে শেষ মুহূর্তে গুলশান ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। তারুণ্যনির্ভর দল গড়েছে গুলশান ক্লাব, যাদের অধিনায়কত্ব করবেন আজিজুল হক তামিম। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন। এবার এই দলের হয়েই মাঠ মাতাবেন লিটন দাস।