খুলনা মহানগরীতে বেড়েছে মশার উৎপাত। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। কোনভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। নিরুপায় হয়ে মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে মশারি মিছিল ও সমাবেশও করেছে নাগরিক সমাজ। সিটি করপোরেশনের ভাষ্য, মশক নিধনে ইতোমধ্যে গ্রহন করা হয়েছে ক্রাশ প্রোগ্রাম।
জানা গেছে, খুলনা সিটি করপোরেশন ২০২৩-২৪ অর্থবছরে মশার ওষুধ ক্রয়ে ৭৭ লাখ ৫৪ হাজার ৩৯৩ টাকা খরচ করে। ২০২৪-২৫ অর্থবছরে মশার ওষুধ ক্রয়ে ইতোমধ্যে খরচ করেছে ৫১ লাখ ৮৬ হাজার ৯৮ টাকা। এছাড়া ভাসমান ময়লা পরিষ্কার, খাল ও ড্রেনের সংস্কারে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। কিন্তু তা সত্বেও মশার উৎপাত কমছে না।
টুটপাড়ার বাসিন্দা সৌরভ ও আহসান হাবিব জানান, মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছি। রাতে তো উপদ্রব আছেই দিনের বেলাও বিরক্ত করছে।
মহানগরীর নিরালার বাসিন্দা আব্দুল্লাহ আল কাফি জানান, মশার যন্ত্রনায় স্থির হয়ে বসা যাচ্ছে না। বিকাল ও রাতে বেশি উৎপাত করছে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার জানান, মশা নিধনে করপোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। নগরজুড়ে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ সকল কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে।