‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার সভার মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খান বলেন, ‘বয়স লুকিয়ে ভোটার হওয়ার একটা প্রবণতা আছে। কারণ, ভোটার হলে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়। বয়স লুকিয়ে কেউ যেন ভোটার হতে না পারেন এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খান সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কেউ যদি সরকারি দপ্তরের কোন সার্টিফিকেশন দেখিয়ে বয়স লুকিয়ে ভোটার হতে আসে এবং তাকে দেখে যদি আপনাদের মনে হয় বয়সের সাথে তার জন্ম তারিখের অসঙ্গতি আছে তাহলে তাকে ভোটার করবেননা।
এছাড়াও, ভোটার হতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হয়, এবং প্রয়োজনীয় তথ্যের সঠিক যোগান পায় এদিকেও সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদেরকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, নতুন ভোটার অন্তর্ভুক্তির যে কার্যক্রম চলমান রয়েছে এর মাধ্যমে শেরপুর উপজেলার ন্যায় সারাদেশে বিশাল সংখ্যক ভোটার আমাদের সাথে যুক্ত হবে। এই নতুন ভোটারদেরকে নিয়ে আসছে নির্বাচনে নতুন বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।'
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. মজিবুল হক। আরও উপস্থিত ছিলেন- সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেন সেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি ডায়মন্ড জুবিলী (ডি.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন প্রমুখ।