গোদাগাড়ীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও অ্যাম্বুলেন্স চালক রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। রাজাবাড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।