কক্সবাজারের মহেশখালীতে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের ছোড়া ইটের আঘাতে হাজী মোহাম্মদ মুহিবুল্লাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত তার সৎভাই নেছার উল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহিবুল্লাহ ওই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী জোসনা আক্তার জানান, সকালে ঘরের এক পাশের দেয়াল ভাঙার শব্দ শুনে তারা এগিয়ে যান। সেখানে নেছার উল্লাহকে দেয়াল ভাঙতে দেখে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নেছার উল্লাহ হাতে থাকা হাতুড়ি ফেলে মুহিবুল্লাহকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটটি প্রথমে তার হাতে লাগে এবং পরে পেছনে থাকা স্বামীর গায়ে আঘাত করে। এতে মুহিবুল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেছার উল্লাহ তাকে কিল-ঘুষি মারেন। বাধা দিতে গেলে স্ত্রীকেও মারধর করা হয়।
জোসনা আক্তার আরও জানান, চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে নেছার উল্লাহ পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে আহত মুহিবুল্লাহকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমির মালিকানা নিয়ে দুই সৎভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ইটের আঘাতে মুহিবুল্লাহ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, স্থানীয় লোকজন অভিযুক্ত নেছার উল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।