শরীয়তপুরের কীর্তিনাশার শাখা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ধারণা করছে মরদেহটি ডাকাত দলের সদস্য। সোমবার দুপুরে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর এলাকার কীর্তিনাশার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কাশিপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ তদন্ত ও ময়নাতদন্ত শেষে মরদেহ সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান। এছাড়া রবিবার মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকেও আরও এক মরদেহ উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাত দল বাল্কহেড ডাকাতির চেষ্টা করলে জনতার ধাওয়া খেয়ে কীর্তিনাশা নদী দিয়ে স্পিডবোট নিয়ে পালিয়ে গিয়ে, শরীয়তপুরের ডোমসারের তেঁতুলিয়া এলাকায় এলে জনতা আবার তাদের গতিপথ বাঁধা দেয়। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে বেশ কয়েকজন স্থানীয় লোক আহত হন। পরে ডাকাতরা পালানোর সময় ৮ জনকে ধরে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তাদের মধ্যে তিন ডাকাতের মৃত্যু হয়। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখ করে ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পালং মডেল থানায় দুটি মামলা করা হয়েছে।