টাঙ্গাইলে ঘাটাইলে পিকনিকের বাসে ডাকাতির ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, রংপুরের শফিকুল ইসলাম শরীফ (১৯) এবং রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোবাইল এবং ডাকাতিতে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়। এ নিয়ে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করল। সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ প্রথমে লুট করা মালামালসহ ৪ জনকে গ্রেপ্তার করে। তারা স্থানীয় ডাকাত হিসেবে পরিচিত। পরে তাদের তথ্যের ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে শরীফ এবং রূপনকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে আছে। অন্য ৪ জন টাঙ্গাইল কারাগারে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত অন্য ৫ জন গত শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় একটি বাড়িতে ডাকাতি ঘটনায় গ্রেপ্তার হয়েছে। তাদের এরেস্ট দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে ফুলবাড়িয়ার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাস নিয়ে নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দেয়। ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নে পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস থামায় একদল ডাকাত।
পরে ১০/১২ জনের একটি ডাকাতদল অস্ত্র নিয়ে ৩টি বাসে লুটপাট করে। বাসের যাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ডাকাতদল পালিয়ে যায়। এ ঘটনায় মারধরের শিকার হন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। এ সময় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা করেন।