চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মিজানের সহযোগী মিল্লাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। রবিবার (২ মার্চ) বিকেলে পাঁচলাইশ থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-মো. মিল্লাত (২৪), মো. আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মিজান গ্রুপ একই থানার আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্দ্বী। চাঁদাবাজির আধিপত্য নিয়ে তাদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিরা ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখলের জন্য সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে আগের একাধিক মামলাও রয়েছে। এই তিনজনের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনসহ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।