আফিদাদের সঙ্গে তাবিথের বৈঠক, ঈদের পর ৫৫ জন নিয়ে ক্যাম্প

আরব আমিরাতের কাছে দুই ম্যাচে হারের হতাশা সঙ্গী করে দেশে ফেরা মেয়েদের সাহস যোগাতে সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে উপস্থিত হয়েছিলেন সভাপতি তাবিথ আউয়াল। জানতে চান দুই ম্যাচ নিয়ে তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা। সব শুনে মেয়েদের অভয় দিয়েছেন ফুটবলের অভিভাবক। এই দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে তাকাতে বলেছেন তিনি।

তাবিথ বলেন, 'তোমাদের জন্য আমাদের ফোরাম সবসময় উন্মুক্ত থাকবে। কারও কিছু বলার থাকলে তোমরা বলবে। আমরা কদিন পরে জানাবো কবে ক্যাম্প আবার শুরু করবো। আমরা কিন্তু পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু করবো। ওখান থেকে অনেকেই ম্যাচ খেলবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে। যদি সেখানে আমরা কোয়ালিফাই করি তাহলে নেক্সট (বছর) মার্চেই কিন্তু খেলা। না হলে এশিয়ান গেমস আছে। এই দলের জন্য খেলা কিন্তু বন্ধ নেই। আগামী দুই বছরের ক্যালেন্ডারে অনেক খেলা। তিনজন তোমরা আছো, পরীক্ষা দিবা। যে ক'দিন পাও পড়াশোনা করো। যে আত্মবিশ্বাস নিয়ে ফুটবল খেলেছো, সেই আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও। আমরা চাই পূর্ণাঙ্গ নাগরিক হয়ে বড় হও। খেলাধুলার জন্য একটু হয়তো বিরতি নিতে হয়েছে। তবে এখন তোমরা সেরা চেষ্টা করো। তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হও। তোমাদের সবাইকে ধন্যবাদ।'

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি ওমেন্স এশিয়ান কাপ। সেই আসরের বাছাইপর্ব এ বছর ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হবে। মোট ১২ দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার পাশাপাশি ২০২২ আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্স-আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় স্থান অর্জনকারী জাপান সরাসরি খেলবে চূড়ান্তপর্বে। এর বাইরে ৩৩টি দল বাছাইয়ে খেলার জন্য নিবন্ধন করেছে। এই ৩৩ দলকে আট গ্রুপে বিভক্ত করে আয়োজন করা হবে বাছাইপর্ব। প্রতি গ্রুপের সেরা দল চলে যাবে চূড়ান্ত পর্বে। এই বাছাইয়ের ড্র হবে ২১ মার্চ। এই বাছাইকে সামনে রেখে বাফুফে সর্বমোট ৫৫ জন ফুটবলারকে ডাকবে ক্যাম্পে। এই ৫৫ জনের মধ্যে নিঃসন্দেহে আমিরাতে খেলে আসার ২৩ জনের সঙ্গে থাকবে বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৮ ফুটবলার। তবে তার আগে বাফুফেকে কোচের সঙ্গে ১৮ ফুটবলারের জটিলতা দূর করতে নিতে হবে কার্যকরী পদক্ষেপ।