বগুড়ায় পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা, ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও প্রাইভেটসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ সদস্যরা।
জেলা পুলিশ সুত্রে জানা যায়, ধুনট থানা পুলিশ সোমবার ভোর সাড়ে ৫টায় চিকাশি ইউনিয়নে রতনীপাড়া লোহার ব্রিজ এলাকায় ধুনটগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। এ সময় সিএনজি তল্লাশি করে গাইবান্ধা জেলা সদরের কাবলী বাজার এলাকার রফিকুল ইসলাম (৪২) ও একই উপজেলার বারইপাড়া ওয়াদুদ মিয়াকে (৪৬) বিশেষ কায়দায় রাখা ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
এদিকে রবিবার সকালে বগুড়া সদরের মাটিডালী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ডিবি পুলিশ প্রাইভেটকারে তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- নাটোরের সদরের চক বৌদ্ধনাথপুর এলাকার সোহেল রানা (৩৫), তানভির হোসেন (২০), লেংগুরিয়া সুগারমিল এলাকার রইচ উদ্দিন (৩৭) ও কুড়িগ্রামের নাগেশ্বরীর নামাটারি এলাকার জেলি জেসমিন (৩০)। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
অপরদিকে রবিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা ডিবি পুলিশের অপর এক অভিযানে শহরের বারপুর ওভার ব্রিজ এর নীচে অভিযান পরিচালনা করে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জেলার কাহালু উপজেলার দামপাড়া তিনদিঘীহাট এলাকার কামরুজ্জামানকে (৪২) গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।