শাহজাদপুরে ভবনে আগুন: নিহত আরেকজনের পরিচয় শনাক্ত

রাজধানীর গুলশান শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুনের ঘটনায় নিহত আরেকজনের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ইশরাফুল আলম সজিব (৪০)। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটির পরিচয় শনাক্ত করেন স্বজনরা।

নিহত সজিবের শ্যালক মিজবাউল হক শান্ত জানান, সজিব কালাচাঁদপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিউ ঢাকা হলিডে নামে একটি ট্রাভেলস এজেন্সি রয়েছে তার। সোমবার বিকেল থেকে তাকে ফোনে পাচ্ছিলেন না স্ত্রী আফসানা মিমি। রাত ৮টার দিকে গুলশান থানায় খোঁজ করতে যান তারা। সেখান থেকেই জানানো হয়, ঢাকা মেডিকেলে তিনটি অজ্ঞাতনামা মরদেহ রয়েছে।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে সজিবের মরদেহ পান তারা এবং পুলিশের কাছ থেকে জানতে পারেন, শাহজাদপুর এলাকায় আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা গেছেন তিনি। সজিব হয়তো কোনো ক্লায়েন্টের বিদেশ যাওয়ার বিষয়ে তার সাথে দেখা করতে ওই হোটেলে গিয়েছিলেন।

স্বজনরা জানান, নিহত সজিবের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। তার বাবার নাম হাজী ইয়াছিন। সজিব স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন।

এর আগে সোমবার বিকেলে ময়নাতদন্তের জন্য ৪টি লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় গুলশান থানা পুলিশ। বিকেলেই মিরন  জমাদ্দার নামে একজনের পরিচয় শনাক্ত হয়। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ হোসেন জানান, এখন পর্যন্ত দুটি মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি দুটি মরদেহ এখনও অজ্ঞাতনামা হিসেবে রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর হবে।