বগুড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আতিকুর (২৯) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের মালতীনগর খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পারভেজ ও আহত আতিকুর শহরের মালতীনগর এলাকার বাসিন্দা।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মালতীনগর খন্দকার পাড়ায় পারভেজ ও আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে রাত পৌনে ৯টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আতিকুর চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুই যুবককে কুপিয়েছে। ধারণা করা হচ্ছে, পূবশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।