লা লিগায় এই মৌসুমে দুই দেখাতে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের কেউ জেতেনি। দুই লেগই (১-১) ড্র হয়েছে। এবার মাদ্রিদের দুই ক্লাব মুখোমুখি হচ্ছে ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে। এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ (১৫ বার চ্যাম্পিয়ন)। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি খেলতে নামলে অনন্য এক ইতিহাস গড়বে তারা।
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০০তম ম্যাচ খেলবে রিয়াল। আগের ৪৯৯ ম্যাচে রিয়াল জিতেছে ৩০১ ম্যাচে, ৮৫ ড্র, হার ১১৩টি। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোলও (১১০১) রিয়ালের। রিয়াল যে সবচেয়ে বেশি ফাইনালও খেলেছে সেটি বোধহয় পাঠকের বুঝতে আর বাকি নেই। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ (৪০৪), তিনে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা (৩৫৭)।
সবশেষ লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরেছে রিয়াল বেতিসের কাছে। সেই ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমনভাবে খেললে আতলেতিকোর বিপক্ষে হারবে তার দল। আতলেতিকো ও রিয়ালের শেষ তিন ম্যাচই ড্র হয়েছে। ডিয়েগো সিমিওনের দলের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতেছে রিয়াল। আজ লস ব্লাঙ্কোসরা কি পারবে জয়ে ফিরতে। এবার চ্যাম্পিয়নস লিগে রিয়ালের একটি রাউন্ড বেশি খেলতে হয়েছে। নকআউট প্লে-অফ পর্বে সিটির মুখোমুখি হয়েছিল তারা। আর আতলেতিকো লিগ পর্ব পঞ্চম স্থানে থেকে শেষ করেছিল। ফলে তারা সরাসরি উঠেছিল শেষ ষোলোতে।
এই ম্যাচে রিয়াল পাবে না ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। টুর্নামেন্টে এরই মধ্যে তিন হলুদ কার্ড খাওয়ার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বেলিংহ্যাম। এ ছাড়া আনচেলত্তি পাবেন না আরও বেশ কয়েকজনকে। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন এদের মিলিতাও, দানি কার্ভাহাল, দানি সেবায়স। রিয়ালকে সতর্ক থাকতে হবে তাদের ডিফেন্স লাইন নিয়ে।
আজ চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ডার্বির প্রথম লেগে রেফারি হিসেবে থাকবেন ক্লেমেন্ত তুরপিন। ফরাসি এই রেফারি এর আগে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের আটটি ম্যাচ পরিচালনা করেছেন। সেই আট ম্যাচের কোনটিতে হারেনি লস ব্লাঙ্কোসরা। ৭টিতে জিতেছে, ড্র হয় একটি ম্যাচ।
এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আজ আরও তিনটি ম্যাচ আছে। ক্লাব ব্রুজের মাঠে খেলবে অ্যাস্টন ভিলা। আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসভির মাঠে। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড আতিথেয়তা দেবে লিলেকে।