২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দাবি

স্বাস্থ্য অধিদপ্তরের ২০১৩ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস ০েমডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। সংগঠনটি জানিয়েছে, অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে তারা যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন এবং তার সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বহন করতে হবে।

গতকাল সোমবার সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃতরা সংক্ষুব্ধ হয়ে মহামান্য হাইকোর্টে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে একটি রিট মামলা দায়ের করেন। ফলে নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আইনি লড়াই শেষে মহামান্য সুপ্রিম কোর্টে উক্ত মামলাটি গত ২০১৬ সালের নভেম্বর মাসে চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং নিয়োগের ক্ষেত্রে আইনি জটিলতা কেটে যায়। কিন্তু আইনি জটিলতা কেটে যাওয়ার দীর্ঘ ৯ বছর পরেও এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি।

বিবৃতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিনেও নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ায় অধিকাংশ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে। ফলে শিগগির এই নিয়োগ সম্পন্ন না হলে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীরা আর কোনো দিনই সরকারি চাকরি পাবেন না।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন, অবিলম্বে উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন না করা হলে আমরা যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব এবং তার সকল দায়দায়িত্ব সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে বহন করতে হবে।