নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২০

নরসিংদীর রায়পুরার একটি দুর্গম চর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসীদের আটক এবং অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নে এ অভিযান চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স দ্বারা রায়পুরার একটি দুর্গম চর এলাকায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে চিহ্নিত সন্ত্রাসীদের আটক এবং অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনীর সফল এই অভিযানে প্রায় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিটির শেষাংশে আইএসপিআর উল্লেখ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপের জন্য নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়।