চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। তবে গুরুত্বপূর্ণ এই লড়াই হবে একেবারে নতুন পিচে, যা ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষার হতে পারে। দুবাইয়ে এর আগে ভারত যে তিনটি ম্যাচ খেলেছে, সেখানে পিচ ছিল মন্থর। এবারও একই চিত্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের তিনটি ম্যাচেই দেখা গেছে ধীরগতির উইকেট, যেখানে ব্যাটারদের রান তুলতে বেগ পেতে হয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত পাকিস্তানের উইকেটে খেলেছে, যেখানে রান তুলতে খুব একটা সমস্যা হয়নি। ফলে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে স্টিভ স্মিথদের।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বাড়তি সুবিধার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'আমাদের সব ম্যাচই আলাদা উইকেটে হয়েছে। এটা আমাদের দেশের মাঠ নয়, দুবাই। এখানেও আমাদের দ্রুত মানিয়ে নিতে হচ্ছে।'
সেমিফাইনাল ম্যাচের দিন দুপুরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কথা। সন্ধ্যার পর তা কমে ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বাংলাদেশি দর্শকরা এটি দেখতে পারবেন টি-স্পোর্টস ও টফি অ্যাপে।
সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হারশিত রানা, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া: জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কোনোলি, গ্লেন ম্যাক্সওয়েল, সিন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাডাম জাম্পা, স্পেনসর জনসন।
নতুন পিচের চ্যালেঞ্জ জয় করে কে যাবে ফাইনালে? উত্তর মিলবে আজ দুবাইয়ে!