যদি চিকন ছেলেদের চান, তবে মডেলদের বেছে নিন- গাভাস্কারের কড়া জবাব

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার শারীরিক গঠন নিয়ে সমালোচনার জবাবে এবার মুখ খুললেন কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহামেদ সম্প্রতি এক টুইটে রোহিতকে 'একজন ক্রীড়াবিদের তুলনায় মোটা' বলে কটাক্ষ করেন। তার এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। তবে গাভাস্কার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন— ক্রিকেট দক্ষতা বিচার্য, শারীরিক গঠন নয়।

গাভাস্কারের মতে, কেবল শারীরিক গঠন দিয়ে একজন খেলোয়াড়ের সামর্থ্য মাপা যায় না। তিনি ব্যঙ্গ করে বলেন, 'যদি শুধু চিকন ছেলেদের চান, তবে মডেলিং প্রতিযোগিতায় গিয়ে মডেলদের বেছে নিন। ক্রিকেট মাঠে দরকার পারফরম্যান্স, চেহারা নয়।'

তিনি আরও বলেন, 'আমরা সারফরাজ খানের ক্ষেত্রেও একই ঘটনা দেখেছি। তার ওজন নিয়ে দীর্ঘদিন কথা হয়েছে। কিন্তু যখন সে ভারতের হয়ে টেস্ট ম্যাচে ১৫০ রান করবে এবং পরের দুই-তিনটি ইনিংসে পঞ্চাশের বেশি করবে, তখন আর শরীরী গঠনের সমালোচনা অর্থহীন।'

গাভাস্কারের মতে, ক্রিকেটে সাফল্যের আসল চাবিকাঠি হলো মানসিক দৃঢ়তা ও সহনশীলতা, শরীরের গঠন নয়। তিনি বলেন, 'বড় ইনিংস খেলতে গেলে মানসিক দৃঢ়তা থাকা সবচেয়ে জরুরি। কেউ কতক্ষণ উইকেটে থাকতে পারে, কত ভালো ব্যাট করতে পারে— সেটাই আসল বিষয়।'

রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। তার নেতৃত্বে ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, যদিও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয়। তবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দলকে নতুন সাফল্য এনে দেন তিনি।

এবার তার সামনে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় তিনি দলকে আরও একবার শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত