রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে কয়দিন আগে গুঞ্জন রটেছিল যে, তিনি নাকি সৌদি আরবের ক্লাবে যোগ দিচ্ছেন। ভিনি এই গুঞ্জন উড়িয়ে দিলেও তা ডালপালা মেলে যাচ্ছে। তাই সাংবাদিকদের মুখোমুখি হলেই ভিনিকে শুনতে হচ্ছে এই প্রশ্ন।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সেমি-ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার প্রশ্নে ভিনি বলেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। আমি এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোভাসে। এখানকার চেয়ে ভালো আরও কোথায় থাকতে পারতাম না।’
রিয়াল কর্তৃপক্ষ ২৪ বছর বয়সী ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ঠিক করে রেখেছে ১ বিলিয়ন ইউরো। গত বছর ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। বিশেষ করে নেইমারের বিকল্প হিসেবে নাকি তাকে পেতে চায় আল হিলাল। অন্যদিকে রিয়ালের হয়ে তিনটি লা লিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি জেতা হয়ে গেছে ভিনির।
বিশ্বের অন্যতম সেরা এই ক্লাব ছেড়ে তাই সৌদি আরবের নিচুর সারির লিগে যেতে নারাজ এই ব্রাজিল তারকা, ‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।’