ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ বেদম মার খেয়েছেন মুক্তার আলী। ৯ ওভারে ৯৯ রান দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ও দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে খরুচে বোলিংয়ের রেকর্ডও গড়েছেন। ইনিংস শেষ হয়ে যাওয়ায় আর বোলিংয়ের সুযোগ মেলেনি, নাহলে তার রেকর্ড কোথায় গিয়ে ঠেকত কে জানে?
আজ মঙ্গলবার বিকেএসপির ৪ নম্বর মাঠে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব। ম্যাচটিতে ৭৭ রানের জয় তুলে নিয়েছে শাইনপুকুর। অবশ্য পারটেক্সের হয়ে খেলা মুক্তারের বোলিংয়ের শুরুটা এত মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে দিয়েছেন ৩৭ রান। এর পরের ৪ ওভারে ৩ চার ৫ ছক্কা হজম করে আরও ৬২ রান দিয়ে বসেন। তারপরও তাকে বোলিং থেকে সরানো হয়নি।
দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে মুক্তারের চেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড আছে ইকবাল হোসেনের। গত বছর নিজের প্রথম লিস্ট ‘এ’ ম্যাচে আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির এই বোলার। ডিপিএলের বাইরে আরও এক বাংলাদেশি বোলার একশর বেশি রান খরচ করেছেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন শাহাদাত হোসেন।