পেকুয়ায় অপহৃত অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় মো. মুজিব (১৯) নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পেকুয়া সদর ইউনিয়নের মোরার পাড়া মাতামুহুরী নদীর চর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুজিব উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া গ্রামের মো. আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, লাশটি নদীর চরে দেখতে পেয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে নৌ-পুলিশ এবং পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

সকালে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও দুপুর দুইটার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্ত করেন। তার হাত পা কাপড় দিয়ে বাঁধা এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। নদীর পাড়ে তার ব্যাটারী বিহীন অটোরিকশাটি পড়ে আছে। তাদের ধারণা সন্ত্রাসীরা চকরিয়া থেকে তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, সোমবার রাত ১২টা থেকে নিজের ব্যাটারী চালিত অটোরিকশাসহ মুজিব নিখোঁজ হয়। সারারাত তার মোবাইলে অনেক বার যোগাযোগের চেষ্টা করে পরিবার। সকালে পেকুয়ায় একটি লাশ পাওয়া গেছে শুনে ঘটনাস্থলে নিহতের পরিবারকে পাঠানো হয়।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। পাশাপাশি নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। সকালে নিহতের পরিচয় শনাক্ত না হলেও বিকালে পরিচয় শনাক্ত হয়।