হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। কারণ, ভারত শুধু দুবাইয়ে তাদের সব ম্যাচ খেলছে। সেখানকার কন্ডিশনের ওপর ভিত্তি করেই তারা দল সাজিয়েছে বলে অভিযোগ। গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পর এই অভিযোগ শুনেই চটে গেলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
সমালোচকদের একহাত নিয়ে গম্ভীর বলেছেন, ‘অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কীসের অতিরিক্ত সুবিধা? আমরা এখানে একদিনও অনুশীলন করিনি। আমরা আইসিসি একাডেমিতে অনুশীলন করছি। ওখানকার কন্ডিশন আর এখানকার কন্ডিশন ১৮০ ডিগ্রি আলাদা। কিছু মানুষ সব সময় অভিযোগ করতেই ভালোবাসে। আসলে তাদের উচিত বড় হওয়া। তাই, আমি মনে করি না যে আমাদের কোনো অতিরিক্ত সুবিধা ছিল।’
নিজের বক্তব্যের পক্ষে গম্ভীর বলেন, ‘দেখুন, প্রথমত, এই ভেন্যু আমাদের জন্য যতটা নিরপেক্ষ, অন্য যেকোনো দলের জন্যও ততটাই নিরপেক্ষ। আমরা এখানে (খুব বেশি) খেলিনি। শেষ কবে এখানে খেলেছি, তা আমার মনে নেই। আসলে, আমরা এমন কোনো পরিকল্পনাই করিনি। পরিকল্পনাটা এমন ছিল যে, যদি আমরা ১৫ সদস্যের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার রাখি, তাহলে আমরা পাকিস্তানে খেলি বা যেখানেই খেলি না কেন, আমরা দুজন বিশেষজ্ঞ স্পিনারকেই খেলাতাম। কারণ এটি উপমহাদেশের একটি টুর্নামেন্ট।’
প্রচণ্ড চাপের মুখে বিরাট কোহলির ৮৪ রানের মাস্টারক্লাস ইনিংসে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। গতকাল মঙ্গলবার তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪ উইকেটে। ম্যাচটিতে ভারতের একাদশে ছিল চার স্পিনার, অস্ট্রেলিয়ায় তিনজন। তাই গম্ভীর বলেছেন, ‘ব্যাপারটা এমন নয় যে আমরা ইচ্ছে করেই স্পিনের ফাঁদ পাততে চেয়েছি। আপনি যদি দেখেন, প্রথম দুটি ম্যাচে আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছি। এই ম্যাচে এবং আগের ম্যাচে আমরা দুজন বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছি।’