ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই শেষে রিয়াল মাদ্রিদের জয়

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৯:১২ এএম

শিরোনাম দেখে প্রশ্ন জাগতেই পারে- মাদ্রিদ ডার্বিতে আবার ব্রাজিল-আর্জেন্টিনা কোত্থেকে এলো? আসলে ম্যাচটা জমিয়েই তুলেছিলেন ব্রাজিলের রদ্রিগো আর আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। এই দুজনের পাল্টাপাল্টি গোলের পর ব্যবধান গড়ে দেন দিয়াজ। মরক্কোন উইঙ্গার ব্রাহিম দিয়াজ। আতলোতিকে মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের চতুর্থ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বল ধরে দ্রুতই আতলেতিকো বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে দেন এই ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়নস লিগে এটি রদ্রিগোর ২৫তম গোল। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকেনি।

ম্যাচের ৩২তম মিনিটে আরেকটি দারুণ গোলে সমতা টানেন হুলিয়ান আলভারেজ। বল পায়ে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে দূরের পোস্টে শট নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। থিবো কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর দুই দলই গোলের জন্য উন্মুখ হয়ে ওঠে। শুরু হয় গতিময় ফুটবল। আতলেতিকো মাদ্রিদকে বেশি উজ্জীবিত মনে হলেও ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফারলাঁ মেন্দির বল ধরে আতলেতিকোর তিন ডিফেন্ডারকে এড়িয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে পাঠান দিয়াজ। গোলটি এতটাই দৃষ্টিনন্দন ছিল যে, আগের দুই গোলকেও ছাড়িয় গেছে। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত