রাতে নিখোঁজ, সকালে মিলল মিশুক চালকের লাশ 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে এক মিশুক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবু তাহের নেংটা (৪০)। সকাল ১০টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর রাজানগরে রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

নিহতের বোন আঁখি বেগম জানান, মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে তার ভাই খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সারারাত আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সেহরীর পর বুধবার ভোর ৬টার দিকে রাজানগর গ্রামে রাস্তার ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারের লোকজনকে খবর দেয়। এরপর তারা সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সিরাজদীথান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, মিশুকচালক আবু তাহের নেশা করতেন। ধারনা করা হচ্ছে রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি নেশাসেবন করতে গিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার খুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।