ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

টাঙ্গাইলের মির্জাপুরে মিতু সরকার (৩৬) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আনন্দ সরকার (২৬) নামের এক যুবকের বিরুদ্ধ। বুধবার (৫ মার্চ) বিকেল উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আনন্দ সরকার ওই গ্রামের নিমাই সরকারের ছেলে ও নিহত মিতু সরকার ওই গ্রামের রনজিত সরকারের স্ত্রী বলে জানা গেছে। নিহত মিতু সরকার অভিযুক্ত যুবকের চাচাতো ভাইয়ের স্ত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া একই ঘটনায় অভিযুক্তের দা’র কোপে তার বাবা-মাসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে একজন সম্পর্কে অভিযুক্ত আনন্দের কাকা ও অপরজন প্রতিবেশী। 

স্থানীয়রা জানায়, মোটর মেকানিক আনন্দ সরকার দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। বিদেশ যাওয়ার জন্য স্থানীয় এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তি তাকে বিদেশ পাঠাতে পারেননি। টাকা ফেরত চেয়েও পাননি তিনি। ব্যক্তি জীবনে অবিবাহিত আনন্দ এসব নিয়ে হতাশাগ্রস্ত থাকা অবস্থায় হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটনের বিষয়ে তদন্ত চলছে।