ঢাবির ‘বি’ ইউনিটে ৯০ ভাগ ভর্তিচ্ছুই পাস করেনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এই ইউনিটে মাত্র ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৯০.১৫ শতাংশ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন। এর মধ্যে মানবিকে ৫ হাজার ৭১৪ জন, বিজ্ঞানে ৪ হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭৩৯ জন। সর্বমোট পাসের হার ৯.৮৫ শতাংশ।  

গত ২৫ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭, বিজ্ঞানে ৯৪৪ এবং ব্যবসায় শিক্ষায় ২৮৩টি আসন রয়েছে।

ফলাফল যেভাবে জানা যাবে

পরীক্ষার বিস্তারিত ফলাফল  admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে  DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে। 

ভর্তি কার্যক্রম শুরু ২৪ মার্চ থেকে

জনসংযোগ দপ্তর থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের জন্য ভর্তি নির্দেশনা দেওয়া হয়েছে। তিন দফা কার্যক্রম সম্পন্নের পর শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করতে পারবেন। এগুলো হলো:

(ক) পাশকৃত ছাত্র/ছাত্রীদের আগামী ২৪ মার্চ, ২০২৫ বিকাল ৩:০০ টা হতে ১৬ এপ্রিল, ২০২৫, বিকাল ৩:০০ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল, ২০২৫ থেকে ১৭ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ, ২০২৫ থেকে ১৩ মার্চ, ২০২৫ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

তাছাড়া ভর্তি সংক্রান্ত গুরুত্তপূর্ণ সকল তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের নোটিশ থেকে হালনাগাদ তথ্য সম্পর্কে জানা যাবে।