তামাক কোম্পানির সুবিধা নিতে না স্বাস্থ্য কর্মচারীদের

সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের তামাক কোম্পানির যেকোনো ধরনের কার্যক্রমের সমর্থন ও অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধা গ্রহণে বিধিনিষেধ আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর ও বিভাগে কর্মরত কর্মচারীরা কেউ তামাক কোম্পানির কাছ থেকে কোনোরকম অর্থ, উপহার, পরিষেবা, আর্থিক বা অন্য কোনো প্রকার সুবিধা ও সহযোগিতা গ্রহণ করতে পারবেন না।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত কর্মচারীদের অনুসরণের এক নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব বিধিনিষেধ আরোপ করে।

নির্দেশিকায় বলা হয়েছে, ‘এ নির্দেশিকার কোনোরকম ব্যত্যয় বা লঙ্ঘন দেখা গেলে কর্র্তৃপক্ষ তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮, অথবা এসব ক্ষেত্রে যে চাকরি ও আচরণ বিধিমালা প্রযোজ্য, তার অধীন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এ নির্দেশিকার কোনো ব্যত্যয় বা লঙ্ঘন দেখা গেলে তা যেকোনো ব্যক্তি কর্র্তৃক লিখিতভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালককে অবহিত করতে পারবে। অভিযোগ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে মহাপরিচালক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।